জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা।
বুধবার বিকেলে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই চেতনা বাস্তবায়নে জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক ইসমাইল হোসেন। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এস আই সায়েমসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন:







