বুধবার

২২ জুলাই, ২০২৬ ৭ শ্রাবণ, ১৪৩৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আইওএম চিফ, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল বিতরণ

শিব্বির আহমদ রানা,চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৮:৫৪

শেয়ার

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আইওএম চিফ, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ড।

বুধবার দুপুরে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত নিম্নাঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।

পরিদর্শন শেষে আইওএমের সহযোগিতায় স্থায়িত্বশীল উন্নয়ন সংস্থা ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) কাথরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রিপল (তেরপাল) বিতরণ করে।

পরিদর্শনকালে আইওএমের চিফ অব মিশন লরা টম বন্ড বলেন, 'আমরা জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি আমরা গণমাধ্যমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখতে আমি নিজেই এখানে এসেছি। মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া এবং বাসস্থান হারানোর দৃশ্য সত্যিই অত্যন্ত কষ্টদায়ক।'

তিনি আরও বলেন, 'আমি এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো সরাসরি দেখতে ও বুঝতে। বন্যাকবলিত মানুষের সমস্যা সমাধানে আমরা কীভাবে কার্যকরভাবে সহায়তা করতে পারি, তা নিয়ে কাজ করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। আজকের সহায়তা আমাদের প্রাথমিক উদ্যোগ। আগামী দিনগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করা হবে।'

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইওএমের ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেক্ট অফিসার সানজিদা আক্তার, কো-অর্ডিনেটর কল্যাণ বড়ুয়া, কাথরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



আরও পড়ুন:

banner close
banner close