বাগেরহাটের চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুহাইমিনুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে খাদ্য বিভাগ। অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুর ২টায় চিতলমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ফকিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিহার রঞ্জন সমাদ্দারকে। সদস্য হিসেবে রয়েছেন শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাসুম বিল্লাহ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক আদুরী রাণী ব্রহ্ম।
সম্প্রতি বাংলা এডিশনসহ বিভিন্ন গণমাধ্যমে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুহাইমিনুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর স্থানীয় কৃষক ও সচেতন মহল তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁদের বক্তব্য, কোনো ধরনের প্রভাব বা বিনিময়ের মাধ্যমে তদন্ত যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দিলোয়ার হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








