বুধবার

২২ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২২:৪৩

শেয়ার

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গর্জন কাঠ এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ চলাকালে পরিচালিত এ অভিযানকে বনজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাঠবোঝাই একটি কাভার্ড ভ্যান চেকপোস্টের কাছে পৌঁছালে টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা কাঠ ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত বনজ সম্পদ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষ করে হবিগঞ্জ জেলার সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষায় আমরা আরও কঠোর অবস্থানে থাকব। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ বিষয়ে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন বলেন, “জব্দকৃত গর্জন কাঠ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ৫৫ বিজিবির এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় বনজ সম্পদ পাচার ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close