বুধবার

২২ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড়

আতিকুল ইসলাম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২১:৫৮

শেয়ার

সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড়
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ মিয়া’র বিরুদ্ধে সরাইল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল’সহ সচেতন মহলে অসন্তোষ দেখা দেয়ার পাশাপাশি নিন্দার ঝড় বইছে।

সোমবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার পূর্ব-পাড়া'র মৃত সামসুল হকের ছেলে ও কালিকচ্ছ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ কাউছার বাদী হয়ে সূর্যকান্দি- চাকসার গ্রামের সংঘর্ষ চলাকালে তার দোকানে হামলা ও লুটপাটের ঘটনা দেখিয়ে সরাইল থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। লুটপাটের সে-ই মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাংবাদিক মাসুদ-এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইতিমধ্যেই লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি আমলে।নিয়ে মামলাটি এফআইআর করেছে সরাইল থানা পুলিশ। এদিকে মামলার এজাহারে উল্লেখিত সকল আসামিদের নামে বিভিন্ন ধরণের অপরাধমূলক ঘটনা ঘটানোর বিষয় উল্লেখ থাকলেও সাংবাদিক মাসুদের নামে কোনো ধরণের সুস্পষ্ট অভিযোগ দেখাতে পারেনি মামলার বাদী।

সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় অনলাইন ও অফলাইন জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি না দিলে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

এ বিষয়ে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার বলেন, আমরা সরাইল থানা পুলিশকে মামলাটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। একই সঙ্গে বিষয়টি সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির (ল অ্যান্ড অর্ডার) সভায় উত্থাপন করা হবে।

কালিকচ্ছ এলাকার একাধিক বাসিন্দা জানান, মোহাম্মদ মাসুদ মিয়া একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি কালিকচ্ছ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। শুধুমাত্র সূর্যকান্দি গ্রামের বাসিন্দা হওয়ার কারণে একটি কুচক্রী মহল তাকে মামলায় আসামি করেছে।

সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সাংবাদিককে মামলায় অভিযুক্ত করার বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।



banner close
banner close