মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

জয়পুরহাটে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারিকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

জয়পুরহাটে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারিকে জরিমানা
ছবি সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই ব্রেড ও কেক উৎপাদনের দায়ে দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, ক্ষেতলাল এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে দুটি বেকারি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সঠিক উৎপাদন প্রক্রিয়া অনুসরণ না করা এবং বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদ ছাড়াই ব্রেড ও কেক তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিশ্চিন্তা বাজারের মায়া বেকারিকে ১০ হাজার টাকা এবং রাখি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

বিএসটিআই কর্মকর্তা জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদন প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



banner close
banner close