গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে অটোরিকশাচালক স্বামীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে পিপাশা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতার হওয়া পিপাশা আক্তার একই উপজেলার আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে আবুল কালাম স্ত্রীকে নিয়ে টঙ্গীতে আসেন। পরে মাছিমপুর কলাবাগান বস্তিতে একটি বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
সোমবার রাতে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে পিপাশা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আবুল কালামকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








