মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

৪ ঘণ্টা পেরোলেও স্বাভাবিক হয়নি রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১২:৫০

শেয়ার

৪ ঘণ্টা পেরোলেও স্বাভাবিক হয়নি রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) বিরুদ্ধে মারধরের অভিযোগকে কেন্দ্র করে টানা চার ঘণ্টার বেশি সময় ধরে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা-সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দাবি করেন, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে টিটিইরা যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায় করছিলেন। এর প্রতিবাদ করলে ৬-৭ জন টিটিই তাকে ট্রেনের দুই বগির মাঝখানে নিয়ে গিয়ে মারধর করেন। এ সময় তার ঘাড় ও পিঠে আঘাত করা হয় এবং একপর্যায়ে ট্রেনের দরজার কাছে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার প্রতিবাদে সকালে রেললাইন অবরোধ করে চার দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— অভিযুক্ত টিটিইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সামনে হাজির করে জবাবদিহির আওতায় আনা, ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী শিক্ষার্থীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, দাবি বাস্তবায়নের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত রেললাইন অবরোধ প্রত্যাহার করা হবে না। এ বিষয়ে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করবেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ চার ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট টিটিইদের বক্তব্য বা রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



banner close
banner close