ইতালিতে নেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় তরুণকে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা একটি গোপন নির্যাতনকেন্দ্রে (টর্চার সেল) জিম্মি রয়েছেন। তাদের মুক্তির জন্য মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণের টাকা আদায়ে প্রতিদিন তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে সেই ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জিম্মি হওয়া ছয় যুবক হলেন, খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।
জনপ্রতি ১৮ থেকে ২০ লাখ টাকার চুক্তি
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, স্থানীয় দালালদের মাধ্যমে জনপ্রতি ১৮ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে ইতালিতে পাঠানোর চুক্তি করা হয়। তবে ইতালিতে নেওয়ার পরিবর্তে তাদের লিবিয়ায় নিয়ে মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়। প্রায় আট মাস আটকে রাখার পর সম্প্রতি তাদের আরও একটি সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরিবারগুলোর ভাষ্য, বর্তমানে একটি গোপন আস্তানায় আটকে রেখে প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা, অর্থাৎ মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণের চাপ
মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান জানান, দিশাবন্দ গ্রামের বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে তার ভাই সামছুল আলম ইতালিতে পাঠানোর আশ্বাস দেন। সেই আশ্বাসে ২০ লাখ টাকা দেওয়ার পরও তার ছেলেকে ইতালিতে নেওয়া হয়নি। বরং লিবিয়ায় নিয়ে মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন প্রতিদিন নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে।
একই অভিযোগ করেন সোহেলের বাবা হারুনুর রশিদ। তিনি বলেন, প্রায় আট মাস আগে সামছুল আলমের মাধ্যমে ১৮ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু ইতালির পরিবর্তে লিবিয়ায় পৌঁছে সেও দালালচক্রের হাতে জিম্মি হয়ে পড়ে। বর্তমানে তার ওপরও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।
পরিবারগুলোর দাবি, দালালরা ইমো ও হোয়াটসঅ্যাপে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দ্রুত টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে। ভিডিওতে ছেলেদের আর্তনাদ ও নির্যাতনের দৃশ্য দেখে তারা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযুক্ত দালাল সামছুল আলম ও তার পরিবারের সদস্যরা গত ১০ থেকে ১২ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকের সঙ্গেও এখন আর যোগাযোগ করা যাচ্ছে না।
জিম্মি ছয় যুবককে জীবিত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভুক্তভোগী পরিবারগুলো ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তারা।
পুলিশের বক্তব্য
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং লিবিয়ায় জিম্মি ছয় যুবককে দ্রুত উদ্ধার করতে সরকারের জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:







.jpg)
