সোমবার

২০ জুলাই, ২০২৬ ৫ শ্রাবণ, ১৪৩৩

নালিতাবাড়ীতে শিশুকে অপহরণ ও ধর্ষণ পাঁচ মাস পর র‍্যাবের জালে প্রধান আসামি শরীফ

‎জান্নাতুল বাকী শেরপুর

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ২০:৫৩

শেয়ার

নালিতাবাড়ীতে শিশুকে অপহরণ ও ধর্ষণ পাঁচ মাস পর র‍্যাবের জালে প্রধান আসামি শরীফ
ছবি সংগৃহীত

‎শেরপুরের নালিতাবাড়ীতে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে (১২) অপহরণ ও একাধিকবার ধর্ষণের মামলার প্রধান আসামি মোঃ শরীফ মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব।

‎​শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জিএমপির টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিপিসি-১, র‍্যাব-১৪ (জামালপুর) এবং র‍্যাব-১ (উত্তরা, ঢাকা) এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

‎​মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে নালিতাবাড়ীর বাসিন্দা শরীফ মিয়া তাকে নিয়মিত উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি বখাটে শরীফের পরিবারকে জানানো হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে এসিড নিক্ষেপ ও অপহরণের হুমকি দেয়।

‎​এরই জেরে, গত ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে শরীফ ও তার অজ্ঞাতনামা সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়।

‎​এ ঘটনায় ভিকটিমের পিতা শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-০৭) একটি মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত শরীফ মিয়া এলাকা ছেড়ে পলাতক ছিল।

‎​র‍্যাব-১৪ (জামালপুর) এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।



banner close
banner close