সোমবার

২০ জুলাই, ২০২৬ ৫ শ্রাবণ, ১৪৩৩

ফেনীতে ডিবির অভিযানে জুয়ার আসর থেকে সাবেক মেম্বারসহ ১৫ জন গ্রেপ্তার

রহিম আলী জাবেদ, ফেনী

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৮:৩৯

শেয়ার

ফেনীতে ডিবির অভিযানে জুয়ার আসর থেকে সাবেক মেম্বারসহ ১৫ জন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ফেনী শহরের এসএসকে রোডের চাড়িপুর এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. আইয়ুবও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ফেনী সদর মডেল থানাধীন এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পদুয়া এলাকার আনোয়ার হোসেন (৫০), শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. আইয়ুব (৬১), ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার সুজন মেহেদী (৩৮), মাস্টারপাড়া এলাকার আব্দুল সাকু ভূঁইয়া রাসেল (৪৪), বালিগাঁও ইউনিয়নের মধুয়াই এলাকার মো. রুবেল (২৮), পশ্চিম বিজয়সিংহ এলাকার ওসমান গনি (৩৫), চাড়িপুর এলাকার হুমায়ুন কবির সেলিম (৪৮), ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার আনোয়ার হোসেন (৪৫), মাথিয়ারা এলাকার শাহাদাত হোসেন (২৯), পশ্চিম বিজয়সিংহ এলাকার মো. ইব্রাহিম (৩৯), মটুয়া এলাকার মো. রিমন (২২), ছাগলনাইয়া উপজেলার কাচারী বাজার এলাকার মো. রুবেল (২৪), কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকার আব্দুল হাকিম (৩০), চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব ভেকরা এলাকার মো. মফিজুর রহমান (৫৫) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার নলডাঙ্গা এলাকার নিখিল মণ্ডল (৪৫)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় আসামিদের জুয়া খেলায় সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃত ১৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close