ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবারের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। যদিও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।
নিহত আয়েশা আফরিন সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১৬ জুলাই বিকেলে তীব্র পেটব্যথা নিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মা আলেয়া বেগম অভিযোগ করেন, সুস্থ অবস্থায় অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পরিবারের দাবি, অস্ত্রোপচারটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা.আতিকুল আহসান করেন। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, অভিযোগের দায় হাসপাতালের নয়; এটি সংশ্লিষ্ট চিকিৎসকের বিষয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি।
এদিকে, ১৮ জুলাই রাতে নিহতের স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন। একপর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হলেও পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:






.jpg)

