২০২৬ সালের ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার এফ এ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বহু ব্যবসায়ীর বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন। আগুনের ভয়াল থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল দ্বিতীয় তলার ২৯ ও ৩০নং দোকান "মারহাবা ওয়ার্ল্ড"। আগুন নিভে যাওয়ার পর সেখানে পড়ে ছিল শুধু পোড়া ধ্বংসস্তূপ, আর ব্যবসায়ীর চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অশ্রু।
দীর্ঘ চার মাসের প্রতীক্ষার পর সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ।
রবিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর সুপারিশে জেলা পরিষদের পক্ষ থেকে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ "মারহাবা ওয়ার্ল্ডে" এর মালিকের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
চেক গ্রহণকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর আবেগঘন প্রতিক্রিয়ায় ফুটে ওঠে দীর্ঘদিনের কষ্ট, সংগ্রাম এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। তিনি বলেন, এই সহায়তার অর্থ শুধু টাকার অঙ্ক নয়, বরং দুর্দিনে পাশে থাকার একটি মানবিক বার্তা, যা তাকে নতুন উদ্যমে ব্যবসা পুনর্গঠনের সাহস জোগাবে।
এর আগেও একই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২য় তলার "বেবি জোন" প্রতিষ্ঠানকে জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীরাও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা পাবেন। কারণ, আগুন শুধু দোকান নয় অনেক পরিবারের জীবিকা, স্বপ্ন ও ভবিষ্যৎও পুড়িয়ে দিয়েছিল। আর সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবার নতুন করে গড়ে তোলার জন্য এমন মানবিক উদ্যোগই হতে পারে তাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।
আরও পড়ুন:






.jpg)

