নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনায় চার ঘণ্টার অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আব্দুল ওয়াদুদের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল দুর্ধর্ষ ডাকাত বাড়িতে প্রবেশ করে। এ সময় ওয়াদুদের বৃদ্ধ মা-বাবা ও স্ত্রীকে তারা হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় যুবকদের সহায়তায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে পুলিশের নেতৃত্বে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়।
অভিযান শুরুর প্রায় চার ঘণ্টার মধ্যেই উপজেলার আব্বাসনগর তালতলা এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং মৃত অপূর্ব বিশ্বাসের ছেলে রাজকুমার, জামালপুর জেলার ইসলামপুরের হযরত আলীর ছেলে আব্দুল হামিদ এবং বি-বাড়িয়ার কসবার মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহিন আলম।
দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







