বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ জানিয়েছে, ডিবি কার্যালয়ের টয়লেটে ওই আসামি নিজের লুঙ্গি গলায় পেচিয়ে ফাঁস নেন।
নিহত আসামির নাম আসাদ। তিনি সারিয়াকান্দির জোড়গাছা মধ্য উত্তর পাড়ার মতি মুন্সীর ছেলে।
গতকাল শনিবার দুপুরে বগুড়া রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৯ জুন বগুড়ার সারিয়াকান্দির দড়িপাড়া এলাকায় আব্দুল মান্নান নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়। ওই সময় তার সিএনজি নিখোঁজ ছিল। পরে ১ জুলাই ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। সেই মামলার তদন্তে আসাদের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্ত আসামি নিজের দোষ স্বীকার করেছিলেন। পরে আজ তাকে আদালতে চালান করার কথা ছিল। কিন্তু সকালে নাস্তার পর টয়লেটে গিয়ে বের না হওয়ায় সন্দেহ হয় ডিবি পুলিশের। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে আসেন ডিবি সদস্যরা। সেখানে চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন।
নিহতের গলায় ফাঁসের দাগ দেখা গেছে। এ ছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। নিশ্চিত করেছেন চিকিৎসক।
আরও পড়ুন:








