শনিবার

১৮ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিরিয়ানি বিক্রির দোকানগুলোতে অভিযান; বিক্রেতাদের জরিমানা

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ২০:১৫

শেয়ার

চুয়াডাঙ্গায় বিরিয়ানি বিক্রির দোকানগুলোতে অভিযান; বিক্রেতাদের জরিমানা
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা শহরের বিরিয়ানি বিক্রির দোকানগুলোতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির সময় এক বিরিয়ানি বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ বিরিয়ানি বিক্রির দোকানগুলোতে তদারকি করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় বিরিয়ানি বিক্রির দোকানগুলো থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়েছেন। এরই প্রেক্ষিতে বিরিয়ানি বিক্রির দোকানগুলো তদারকি করা হয়। এ তদারকির সময় খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ঢাকা কাচ্চি বাড়ির স্বত্ত্বাধিকারী আনিছজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । এছাড়া শাহী নান্না বিরিয়ানি হাউজ ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউজে তদারকি করা হয়। সংশ্লিষ্ট বিরিয়ানি হাউজগুলোতে রান্নাঘর ও প্রদর্শন কক্ষে কোন ক্ষতিকর, নিষিদ্ধ কোন উপাদান, ফুড কালার, কেওড়া জল ও অন্যান্য উপাদান পাওয়া যায়নি। এসময় বিরিয়ানি হাউজের স্বত্ত্বাধিকারীদের অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও নিষিদ্ধ কোন উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়।

তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশেরর একটি দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



banner close
banner close