ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৫) দুই দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হাটসংলগ্ন একটি পাটক্ষেত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেলে মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইউসুফ ফকির। বাড়ির সামনে নামার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয়রা হাটের পাশে একটি পাটক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার দাবি করেছে, শুক্রবার ইউসুফ ফকিরের বড় ভাই গিয়াসউদ্দিনের মোবাইল ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ। তবে এ অভিযোগের সত্যতা এখনো পুলিশ নিশ্চিত করেনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








