শনিবার

১৮ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে এমপি শ্যামল: বিল ভরাট করে কোনো আবাসন নয়

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৪:০১

শেয়ার

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে এমপি শ্যামল: বিল ভরাট করে কোনো আবাসন নয়
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক জলাধার, বিল ও পুকুর সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, তাঁর দায়িত্বে থাকাকালীন কোনো অবস্থাতেই বিল ভরাট করে আবাসন নির্মাণ করতে দেয়া হবে না।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো অবস্থাতেই প্রাকৃতিক জলধারা ও পুকুর ভরাট করা যাবে না। এটি সম্পূর্ণ পরিবেশ আইনবিরোধী। এলাকার সম্মানিত জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, আমি এমপি থাকাকালীন বিল ভরাট করে কোনো আবাসন করতে দেয়া হবে না। আইন ও প্রকৃতির ক্ষতি করে কোনো উন্নয়ন আমরা সমর্থন করি না। আসুন, সবাই মিলে আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করি।”

এমপি শ্যামলের এই বক্তব্য স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন নাগরিকরা মনে করছেন, জলাভূমি ও প্রাকৃতিক জলধারা রক্ষা করা গেলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, জলাবদ্ধতা কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশবিদদের মতে, অপরিকল্পিতভাবে বিল, খাল ও পুকুর ভরাটের ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ সংকুচিত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং পরিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের প্রত্যাশা, এমপি শ্যামলের ঘোষণার আলোকে ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে এবং পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close