বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

খেলার মাঠ দখলে বিপাকে শিশু-কিশোররা

জসীম উদ্দীন, চাপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৩:৫৯

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৪:০২

শেয়ার

খেলার মাঠ দখলে বিপাকে শিশু-কিশোররা
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় একমাত্র খেলার মাঠ দখল করে পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি মাঠ হারিয়ে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিশু-কিশোর ও তরুণরা।

শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের কোনো বিকল্প নেই। আর সেই মাঠই যদি হারিয়ে যায় তাহলে হারিয়ে যায় তাদের শৈশবের একটি বড় অংশ। দীর্ঘদিন ধরে এই মাঠেই এলাকার ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হতো। কিন্তু পার্ক নির্মাণের পর খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা প্রায় নেই বললেই চলে। এতে শিশু-কিশোরদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে মনে করছে অভিভাবকরা।

স্থানীয়দের আরও অভিযোগ মাঠের একটি অংশে পার্ক নির্মাণের পাশাপাশি বিভিন্ন দোকান বসানো হয়েছে। মহানন্দা নদীর তীরঘেঁষা হওয়ায় এসব দোকানের বর্জ্য সরাসরি নদীতে ফেলায় পরিবেশ দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি এটি শুধু মাঠ দখলের ঘটনা নয় নদীর পরিবেশের জন্যও হুমকি। সুস্থ বিনোদনের অভাব সামাজিক অবক্ষয় ও মাদকের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আক্ষেপ করেন তারা। তবে পার্ক পরিচালনা কমিটির সভাপতি জানান বিষয়টি অবগত রয়েছেন। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাঠসংলগ্ন দোকানগুলো কমিটির নয় ব্যক্তি উদ্যোগে ঈদ উপলক্ষে বসানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন মুঠোফোনে জানান অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয় একটি এলাকার শিশু-কিশোরদের বেড়ে ওঠার নিরাপদ পরিসর। তাই মাঠ সংরক্ষণ নদীর পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত খেলার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর।



banner close
banner close