পাবনার সুজানগর উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত অপরজন কনস্টেবল সবুজ হোসেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচকে ঘিরে মথুরাপুর এলাকায় ভোর পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।
পুলিশের দাবি অনুযায়ী, সদস্যদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতা-কর্মীর সঙ্গে আরও কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্দুল ওহাবের নেতৃত্বেই এ হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল ওহাব। তিনি জানান, পুলিশি অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না, ফলে সেখানে তাঁর উপস্থিত থাকার প্রশ্ন ওঠে না। তাঁর ভাষ্যে, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকেরা খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ গিয়ে ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাঁদের ছাড়িয়ে নেন। এই ধস্তাধস্তির সময় পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি শুনেছেন বলে জানান।
আরও পড়ুন:








