নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন পরিষদের ডাকা এ হরতাল চলছে।
হরতালের অংশ হিসেবে উপজেলার অন্তত আটটি স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে ঢাকার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনকারীরা জানান, উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








