পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ মিয়া (২৬)। তাৎক্ষণিকভাবে রাজ মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়। পরে তার স্বজনরা অ্যাম্বুলেন্সে করে মরদেহটি পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। পথে আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘পাবনা এক্সপ্রেস’-এর সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ মিয়া এবং শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সে থাকা আরও কয়েকজন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ওসি মাহবুবুর রহমান আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








