বুধবার

১৫ জুলাই, ২০২৬ ৩১ আষাঢ়, ১৪৩৩

কেন্দুয়ায় কিশোর নিখোঁজের পরদিন মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

আরিফুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৯:১৩

শেয়ার

কেন্দুয়ায় কিশোর নিখোঁজের পরদিন মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কিশোর নিখোঁজের এক দিন পর মোঃ জুনাইদ আহমেদ নামে এক কিশোরের মরদেহ পুলিশ পুকুর থেকে উদ্ধার করেছে। বুধবার উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে জুনাইদকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহত জুনাইদ বহুলী গ্রামের দিলোয়ার হোসেন ও তাজ মহল আক্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর জুনাইদ নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের অভিযোগ,পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে জুনাইদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দাও একই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close