গাজীপুর মহানগরের সদর থানাধীন পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
জিএমপি সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ পাজুলিয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি রেজিস্ট্রেশন নাম্বারবিহীন লাল রঙের TVS Apache 4V 160cc মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গাজীপুর মহানগরে সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ দমনে জিএমপির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








