বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

নেত্রকোনায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী আটক

আরিফুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

নেত্রকোনায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী আটক
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকালের দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

আটক মরিয়ম বেগম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি বাসে থাকা মরিয়ম বেগমের কাছে দুটি প্যাকেটে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএনসির দাবি, মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে এলাকায় বিক্রি করতেন। এ বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’