কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া বাজার সংলগ্ন চৌকিদারবাড়ি এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগকারীদের দাবি, মো. নিজাম উদ্দিন অতীতে স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে দায়িত্ব পালন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি ও হয়রানিতে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পরও বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন বলেও অভিযোগকারীরা দাবি করেন।
এছাড়া চিওড়া বাজারে ব্যবসার আড়ালে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং আওয়ামী লীগের পুনর্গঠনের প্রচেষ্টা চালানোর অভিযোগও উত্থাপন করা হয়েছে। অভিযোগকারীরা বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল বলে তারা মনে করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. নিজাম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগকারীরা বিষয়গুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:








