ব্রাহ্মণবাড়িয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার সদর উপজেলার পুনিয়াউট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক। অভিযানে বাংলাদেশ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করতে ভবিষ্যতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








