ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলাসবহুল একটি পাজেরো গাড়িতে করে বিদেশি মদের বড় চালান পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ, একটি পাজেরো গাড়ি এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছলিমাবাদ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ এসব মদ উদ্ধার করে।
আটক ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন দুলালের ছেলে রাসেল হোসেন (৩৮)। তিনি পুলিশকে নিজেকে গাড়ির চালক বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৩৬ বোতল মদের মধ্যে স্পেন ও ফ্রান্সে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের দামি বিদেশি মদ রয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল পাজেরো গাড়িটিও জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “বাঞ্ছারামপুরে সাম্প্রতিক সময়ে এত বড় বিদেশি মদের চালান জব্দের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া মদের বেশির ভাগই স্পেন ও ফ্রান্সের তৈরি দামী ব্র্যান্ডের। এ চালানের পেছনে কারা জড়িত এবং মূল হোতা কে, তা শনাক্তে তদন্ত চলছে।”
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক রাসেল হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








