সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনকে সিলেট থেকে উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। টানা এক মাসের বেশি সময় ধরে অনুসন্ধান চালানোর পর একজন শিশু নিজ বাড়িতে ফিরে এলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর শিশুকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার এনায়েতপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কামারখন্দ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম এবং এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত (১১ জুন) দুপুরে খুকনী ইউনিয়নের রহমতখোলা গ্রামের মো. আব্দুল্লাহ (১০) ও আটারদাগ গ্রামের আফসার হোসেন (১২) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১৩ জুন অভিভাবকরা এনায়েতপুর থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নং-৭ রুজু করা হয়। প্রথমে মামলার তদন্তভার পান এসআই রিয়াজুল ইসলাম। পরে তিনি বদলি হলে তদন্তের দায়িত্ব নেন এসআই ফরিদ উদ্দিন। এরপর তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন স্থানে অনুসন্ধানের মাধ্যমে দুই শিশুর সন্ধানে অভিযান চালিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ জুলাই আফসার হোসেন নিজ বাড়িতে ফিরে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তারা দুজন স্বেচ্ছায় সয়দাবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় এবং পরে সিলেটে যায়। সেখানে রেলস্টেশনসংলগ্ন একটি হোটেলে কাজ নেয়। কিছুদিন পর কাজ ভালো না লাগায় আফসার বাড়ি ফিরে এলেও আব্দুল্লাহ সিলেটেই থেকে যায়।
আফসারের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ জুলাই এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেটে অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর আব্দুল্লাহকে উদ্ধার করে ১১ জুলাই রাতে নিরাপদে এনায়েতপুর থানায় ফিরিয়ে আনা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে দুই শিশুর সন্ধান পাওয়া সম্ভব হয়েছে এবং তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








