মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

কসবায় সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী মনোয়ারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

কসবায় সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী মনোয়ারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক এবং কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি ছিলেন।

সোমবার সকালে কসবা পৌর এলাকার শাহপুর উত্তরপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আলমগীর হোসেন ও পেয়ারা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে তিনি নিজের কক্ষে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close