বান্দরবান আলীকদমের ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নেয়।
সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫নং ওয়ার্ডের সদস্য জাকের হোসেন এবং ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।
গত ১২ জুলাই রাস্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও "রোহিঙ্গা
নন" মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া ও অসম্পূর্ণ তথ্যসংবলিত প্রত্যয়নপত্র ইস্যু করে ভোটার তালিকাভুক্তিতে সহায়তা, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রশাসনিকভাবে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্বে বহাল রাখা
প্রশাসনিকভাবে সমীচীন নয়। জনস্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) ও (ঘ) এবং ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বিরুদ্ধেও আইন অনুযায়ী একই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্ব কার্যকর হবে। পাশাপাশি অভিযুক্তদের ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে নির্দেশ দেয়া হয় এ প্রজ্ঞাপনে।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) মো. মনজুর আলম বলেন, “এটি সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত নয়। তাদের ১০ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:








