মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

প্রতিমা ভাঙচুরের ‘নাটক’ সাজিয়ে মুসলিম যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ২২:২২

শেয়ার

প্রতিমা ভাঙচুরের ‘নাটক’ সাজিয়ে মুসলিম যুবককে মারধর
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ অন্যদিকে ভাঙা প্রতিমা ব্যবহার করে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা এমন অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র।

গত ৮ জুলাই বুধবার বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় জমি নিয়ে অনিল চন্দ্র রায় এবং লক্ষ্মীচরণ রায়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। ৬ একর ৬৬ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১২ জুলাই উভয় পক্ষকে নিয়ে আলোচনার তারিখ নির্ধারিত ছিল এবং সেই সময় পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কার্যক্রম না চালানোর নির্দেশনা ছিল।

অভিযোগ রয়েছে প্রশাসন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে বুধবার দুপুরে অনিল চন্দ্র ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এসময় জমি বিক্রয়কারী পরিবারের সদস্য জাকির হোসেনকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় জাকিরকে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংঘর্ষের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় জাকির হোসেনের হাতে ও গলায় ভাঙা কালীমূর্তি।

এক পক্ষ একে সাম্প্রদায়িক হামলার ঘটনা বলে দাবি করলেও অপর পক্ষের দাবি জমি দখলের উদ্দেশ্যে আগেভাগেই সেখানে মূর্তি স্থাপন করা হয়েছিল এবং নিজেদের অপরাধ আড়াল করতে মূর্তিসহ নাটক সাজানো হয়েছে।

ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের এই নাটক সাজানো হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সনজীত কুমার দে।

ঘটনাটি নিয়ে পুলিশের অবস্থান স্পষ্ট। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন এটি কোনো সাম্প্রদায়িক ইস্যু নয় বরং জমি বিরোধের জেরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি জানান পুলিশের প্রাথমিক তদন্তে সাম্প্রদায়িক উসকানির প্রাথমিক কোনো সত্যতা পাওয়া যায়নি।

আটোয়ারী থানা ওসি মতিয়ার রহমান বাংলা এডিশনের আতিফ রাসেল বলেন। এ বিষয়ে তিনি আরও বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।জমি দখলের লড়াইয়ে সাম্প্রদায়িকতার এই নাটক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।



আরও পড়ুন:

banner close
banner close