শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

রাজধানী থেকে গ্রেপ্তার: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৭:৪৪

আপডেট: ১৩ জুলাই, ২০২৬ ১৮:৩৩

শেয়ার

রাজধানী থেকে গ্রেপ্তার: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা শফিক ডাকাতকে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

সোমবার র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ১১ মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহে গেলে নবীনগরের খাগাতুয়া গ্রামে শফিক ডাকাত ও তার সহযোগীরা র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায়। তাদের প্রায় তিন ঘণ্টা আটক রেখে নির্যাতন করা হয়। পরে অন্য র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ধারাবাহিক অভিযানে কয়েকজন সহযোগী গ্রেপ্তার হলেও শফিক আত্মগোপনে ছিল। প্রায় দুই মাস পর একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব। পরে রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকার কামরাঙ্গীরচরের আউলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, শফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মাদক, চুরি, চাঁদাবাজি, দখলবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া এর আগে নবীনগরে পুলিশ ও র‍্যাবের ওপর হামলার ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃত শফিক ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।