ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার জুলাহাটিস্থ ফিরোজ মিয়া কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব "সিরাজুল ইসলাম সিরাজ"।
রবিবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে কলোনীর ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় সোমবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ।”
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি এবং পুনর্বাসনের আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের প্রত্যাশা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:


.png)





