শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ০৯:৪৪

শেয়ার


চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫ জন
ছবি সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের দুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। গত কয়েক দিনে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিক্যাল টিম কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকাযোগে হাসপাতালে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ছয়জন, রাঙ্গামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন।

এ ছাড়া এ দুর্যোগে আহত হয়েছেন ৩৯ জন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন।