চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল মাছঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটি তল্লাশি করে ১৪টি ট্রলিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ট্রলিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, ট্রলিং জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ ট্রলিং প্রতিরোধ এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন:








