রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

ভারি বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১১:৫৫

শেয়ার

ভারি বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারি বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে জলাবদ্ধতা, তীব্র যানজট ও গণপরিবহনের সংকটে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

ভারি বৃষ্টির কারণে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়। অনেক অলিগলি ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নগরবাসীর চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়।

বিভিন্ন স্থানে চলমান খোঁড়াখুঁড়ির কারণে সড়কের একাংশ কেটে রাখা হয়েছে। বৃষ্টির পানিতে এসব স্থান ঢেকে যাওয়ায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রাজধানীর এক চাকরিজীবী সাইফ বলেন, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। রিকশা ও অন্যান্য যানবাহনের সংখ্যাও কম। দু-একটি বাস পাওয়া গেলেও হাঁটুপানি মাড়িয়ে সেখানে উঠতে হচ্ছে।

আরেক যাত্রী জানান, বৃষ্টি হলেই অফিসগামী যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়। রিকশা, সিএনজি কিংবা বাস সহজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।



banner close
banner close