নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় রিভু ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় এক অজ্ঞাত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও একজন আহত হয়েছেন।
রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক রিভু ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয় এবং ভ্যানে থাকা অপর একজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি ভ্যানকে চাপা দিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। পরে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। নিহত ভ্যানচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ পরিদর্শক জাকির হোসেন আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:



.png)




