ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী একটি যাত্রীবাহী বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে যায়। এরপর সড়কে ছড়িয়ে থাকা ডিম সরাতে ও দুর্ঘটনাকবলিত গাড়িটিকে উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় দ্রুতগতিতে আসা নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেসের বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ডিমবোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লোকজনের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতের সঠিক সংখ্যা তখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন:

.png)






