ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও দুটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
শনিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১২:১৫ মিনিটে আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে অবস্থান নেয়।
এ সময় ৭ থেকে ৮ জন চোরাকারবারিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তায় মালামাল বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বহন করা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে কসটেপ দিয়ে অত্যন্ত অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। একই সঙ্গে মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মোবাইল ডিসপ্লে ও বাইসাইকেলসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়া হবে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








