কুমিল্লার বুড়িচং উপজেলার বহুল আলোচিত ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুমিল্লার বুড়িচং থানায় দায়ের করা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ মাধ্যমে জানান, নিহত এনামুল হক কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর মাখিশাইর এলাকার বাসিন্দা এবং গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭মে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-২ শ্রীমঙ্গল-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, হত্যা, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








