চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় তিন ইসলামি বক্তা ও আলেম—শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মামুনুল হক এবং মাওলানা মিজানুর রহমান আজহারী। তারা নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ ও আইডিতে পৃথক বার্তায় সরকার, বিভিন্ন মানবিক সংগঠন এবং দেশের সামর্থ্যবান মানুষের প্রতি দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, বৃহত্তর চট্টগ্রামের বহু এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তিনি সরকার, দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান, বেসরকারি দাতব্য সংস্থা, মানবিক সংগঠন এবং সামর্থ্যবান ব্যক্তিদের জরুরি ভিত্তিতে ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুর্গতদের জন্য দোয়া কামনা করেন।
একই দিনে মাওলানা মামুনুল হক তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করেন। তিনি বলেন, টানা বর্ষণ ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুরসহ বিভিন্ন জেলা এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র চালু রাখা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম মোতায়েন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নদী ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশনা দেন। পোস্টের শেষে তিনি বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করেন।
অন্যদিকে শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যায় সহায়তা দিতে তার টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। খুব শিগগিরই দুর্গতদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি দেশবাসীর প্রতি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে দুর্গতদের কষ্ট লাঘবের জন্য দোয়া করেন।
আরও পড়ুন:








