শুক্রবার

১০ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

সিলেটে পুলিশি হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

আক্তার হোসেন সিলেট

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২২:৫৩

শেয়ার

সিলেটে পুলিশি হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন
ছবি সংগৃহীত

সিলেট নগরের কাজির বাজার এলাকায় পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার কাজির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ভাঙ্গারি ও পুরাতন মালপত্র ব্যবসায়ীরা অংশ নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদের ভাষ্য অনুযায়ী দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে ব্যবসায়ীদের হাতে থাকা ব্যানারে নিরীহ মানুষের ওপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার অবসানের দাবি জানানো হয়। একই সঙ্গে তারা অভিযোগ করেন, টাকা না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় এসআই খবিরের অপসারণ দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের কিছু সদস্য ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। তাদের দাবি, এসআই খবির দোকানে গিয়ে অর্থ দাবি করেন এবং দাবি পূরণ না হলে চুরির মাল রাখার অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয়। এতে অনেক নিরীহ ব্যবসায়ী হয়রানি ও কারাভোগের শিকার হয়েছেন বলেও তারা অভিযোগ করেন।

ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, তারা এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা চান এবং কোনো ধরনের পুলিশি হয়রানি কামনা করেন না। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদের দাবি অনুযায়ী দায়ের করা মামলা প্রত্যাহার না হলে ভবিষ্যতে দোকানপাট বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অছির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সভায় ব্যস্ত থাকায় মন্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে এসআই খবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ব্যবসায়ীদের এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।



banner close
banner close