চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক (৮) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মো. মিরাজ(৬)।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, সকালে নিজ নিজ বাড়ির উঠানে থাকা অবস্থায় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলেও এর আগেই তাদের মৃত্যু হয়।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘটনায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় পানির স্রোত বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের সময় শিশুদের সবসময় নজরদারিতে রাখতে হবে এবং তীব্র স্রোতের পানির কাছ থেকে দূরে রাখতে হবে।
আরও পড়ুন:








