টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে শুক্রবার সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সকাল সাড়ে ৯টার দিকে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী লাউব্বার দোকানসংলগ্ন জেলে পাড়ায় পৌঁছে বন্যাকবলিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পরনের জামা খুলে কোমরপানিতে নেমে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণি ত্রাণ সহায়তাও প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এরপর তিনি সাতকানীয়া-লোহাগাড়া বন্যাকবলিতদের খোঁজখবর নিতে ছুটে যান। সেখানে থেকে ফিরে তিনি বাঁশখালীর বাণিগ্রাম কুইন ক্লাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা শিবির সভাপতি পরমানুর রহমান জাহিনসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন:








