শুক্রবার

১০ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১১:২৫

শেয়ার

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক
ছবি সংগৃহীত

টানা দুই দিন ধরে সাজেকে আটকে থাকা প্রায় ১৫০ জন পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়ি জেলা সদরে ফিরেছেন। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা সেখানে আটকা পড়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়কের কয়েকটি স্থান পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণে যাওয়া প্রায় ৬০০ পর্যটক সাজেকে আটকা পড়েন। সড়কের পানি না কমায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না।

এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন (২০৩ পদাতিক ব্রিগেড)-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) উদ্ধার কার্যক্রম শুরু করে।

বৃহস্পতিবার সেনাসদস্যরা ভেলা ও নৌকার মাধ্যমে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দেন। সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ জন পর্যটক নিরাপদে খাগড়াছড়ি জেলা সদরে ফিরেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাজেকে আটকে থাকা বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।



banner close
banner close