ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিঃ) অপু কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেয়া হয়েছে থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হান্নানকে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে এর আগেও মহেশপুর থানায় মাদক আইনে দুটি মামলা রয়েছে।
আরও পড়ুন:








