টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নদীর তীর ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। এতে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াই নদীর তীব্র স্রোতে নদী তীরের লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের কালিগঞ্জ এলাকার অংশ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে বসতবাড়ি, আঙিনা, সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার ঘরের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। নদীর পানি আরও বাড়লে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বাসিন্দারা জানান, গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। নদীতীরের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার না করায় ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীর পানি ও ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এলাকাবাসীর দাবি, খোয়াই নদীর ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রতি বর্ষা মৌসুমেই সীমান্ত এলাকার মানুষকে একই দুর্ভোগ ও আতঙ্কের মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন:





.jpg)


