বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলে-ফেঁপে উঠেছে খোয়াই-কুশিয়ারা, বন্যার শঙ্কা

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ২০:২৩

শেয়ার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলে-ফেঁপে উঠেছে খোয়াই-কুশিয়ারা, বন্যার শঙ্কা
ছবি বাংলা এডিশন

টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীতীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি নিলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান এবং দেশের অভ্যন্তরে অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার এবং আজমিরীগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এ ছাড়া জেলার করাঙ্গী, সুতাং ও সোনাই নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল ও হাওর এলাকার মানুষ সম্ভাব্য বন্যা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, "উজান ও দেশের বিভিন্ন স্থানে অব্যাহত বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।"

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, "এখন পর্যন্ত জেলার কোথাও পূর্ণাঙ্গ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদীতীরবর্তী ও হাওরাঞ্চলের মানুষ সতর্ক অবস্থানে রয়েছেন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।



banner close
banner close