সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সাতজন দুই দেশের সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে বিএসএফ সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেন এবং তাদের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করেন। বর্তমানে তারা সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভেতরে ভারতীয় অংশে অবস্থান করছেন।
কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার জানান, বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়ে ওই সাতজনকে ভারতীয় অংশে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন:








